২৮ ফেব্রুয়ারি ইউল্যাবে মোবাইল চলচ্চিত্র উৎসব

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৩৮  
নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ— স্লোগানে আগামী ২৮ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ)’। দুই দিনের এই উৎসবে বিশ্বের ৪১টি দেশ থেকে সর্বমোট ২০২টি চলচ্চিত্র জমা পড়েছে। এরমধ্যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩৪টি চলচ্চিত্র জমা পড়েছে। বিচারকমণ্ডলীর নির্বাচনে ‘স্ক্রিনিং’ বিভাগে ৩৯টি, ওয়ান মিনিট বিভাগে ৫টি এবং কম্পিটিশন বিভাগে ১৩টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উৎসবের পরিচালক রিয়াজ উদ্দিন রায়হান, মিডিয়া ম্যানেজার আউয়াল ইব্রাহিম এবং উসব সমন্বয়ক ফজলে রাব্বি সৌরভ। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিতব্য এই আসরের উদ্বোধন করবেন ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। একই দিনে স্ক্রিনিংয়ের পাশাপাশি থাকছে ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘দ্যা আর্ট অব স্মার্টফোন সিনেমাটোগ্রাফি’ শীর্ষক বিশেষ কথোপকথন। উৎসবের শেষ দিনের (২৯ ফেব্রুয়ারি) শুরুতে রয়েছে ড. আব্দুল কাবিল খানের ‘স্মার্টফোনস দ্যা ফিউচার অব ফিল্ম মেকিং’ শীর্ষক বিশেষ কথোপকথন ও স্ক্রিনিং। সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে। এসময় উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্স-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. গীতি আরা নাসরীন।